ধূমপানমুক্ত প্রজন্ম গড়বে নিউজিল্যান্ড

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:৫০ পিএম

ধূমপানমুক্ত ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক গড়ে তুলতে কমবয়সীদের কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে নিউজিল্যান্ড। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা প্রকাশ করেছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, আইনটি পাস হলে এবং আগামী বছর থেকে কার্যকর হলে দেশটিতে ১৪ বছর বয়সী কিংবা ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী কারও কাছে সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ হবে। সিগারেট নিষিদ্ধের প্রস্তাবে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে ১৪ বছর বা তার কমবয়সীরা কোনোভাবেই সিগারেট কেনার অনুমতি পাবে না। এছাড়া দেশটিতে তামাক বিক্রির অনুমোদিত খুচরা বিক্রেতার সংখ্যা হ্রাস এবং সব ধরনের তামাক পণ্যে নিকোটিনের মাত্রা কমানো হবে। নিউজিল্যান্ড ২০২৫ সাল নাগাদ ধূমপায়ীর হার ৫ শতাংশে নামিয়ে আনতে চাইছে। আর পর্যায়ক্রমে ধূমপান নির্মূলের লক্ষ্যও রয়েছে দেশটির। বর্তমানে নিউজিল্যান্ডের প্রাপ্তবয়স্কদের ১৩ শতাংশ ধূমপায়ী। এক দশক আগে এই হার ছিল ১৮ শতাংশ। তবে দেশটির মাওরি জনগোষ্ঠীর মধ্যে এই হার অনেক বেশি, প্রায় ২৯ শতাংশ। এ জনগোষ্ঠীর ধূমপানে লাগাম টানতে মাওরি স্বাস্থ্য কর্র্তৃপক্ষের সঙ্গে দেশটির সরকার পরামর্শ করার কথা জানিয়েছে।

আগামী বছরের জুনে তরুণদের জন্য সিগারেট কেনা নিষিদ্ধের প্রস্তাব পার্লামেন্টে উঠবে। এ প্রস্তাবনা পাস হলে ২০২২ সালের শেষদিকে এটি আইনে পরিণত হবে। পরে ২০২৪ সাল থেকে অনুমোদিত বিক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার পাশাপাশি তামাকজাত পণ্যের সব বিধিনিষেধ পর্যায়ক্রমে কার্যকর করবে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডা. আয়েশা ভেরাল বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ প্রজন্ম কখনোই ধূমপান শুরু করবে না। আমরা তরুণদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি অথবা সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করব। যদি কোনো কিছুই পরিবর্তন না হয়, তারপরও মাওরিদের ধূমপানের হার ৫ শতাংশের নিচে আনতে কয়েক দশক লাগবে।’

নিউজিল্যান্ডের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওটাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যানেট হুক বলেন, ‘এ পরিকল্পনা মানুষকে সিগারেট ছেড়ে দিতে সহায়তা করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে নিকোটিনে আসক্ত থেকে বিরত রাখবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত