ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেইসবুক পেজের মাধ্যমে শিক্ষক নিয়োগের আবেদন জমা ও প্রক্রিয়াকরণের কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ‘ইবিয়ান’ নামে একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ নামে একটি অপশন চালু করে শিক্ষক পদে আবেদন জমা দেওয়ার সুযোগ রেখেছে তারা। তবে ওই পেজটি ইবি প্রশাসন অনুমোদিত নয় এবং অসৎ উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। অসৎ উদ্দেশ্যে কেউ এটা করে থাকতে পারে। আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। ফেইসবুকের মাধ্যমে আমাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা আবেদন গ্রহণ করা হয় না। এটি নিয়ে এরই মধ্যে আইসিটি সেলসহ সংশ্লিষ্ট মহলে নির্দেশ দিয়ে দিয়েছি।’
জানা গেছে, ‘ইবিয়ান’ নামে ফেইসবুক পেজটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ নামে অপশন চালু করে শিক্ষক পদে আবেদন জমা দেওয়ার কথিত সুযোগ রাখা হয়েছে। এতে আবেদনকারীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষও বিব্রত। বিষয়টি যাচাই করতে গিয়ে দেখা গেছে, ওই গ্রুপের লিংক থেকে আবেদন করতে গেলে আবেদনকারীর ফেইসবুকের সব তথ্য সক্রিয়ভাবে পূরণ হয়ে যাচ্ছে। ওই তথ্য দেওয়ার পর ‘সিভি এটাচ’ নামে একটি অপশন আসে। যেখানে সিভি আপলোড করা যাচ্ছে।
পেজটিতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ও বর্তমান কিছু শিক্ষার্থীরা মিলে পেজটি চালায়। অসৎ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে বলে ধারণা ইবি কর্র্তৃপক্ষের।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল আম্বিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘এটার (ফেইসবুক পেজে শিক্ষক নিয়োগের আবেদন) সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইসিটি সেলের কোনো সম্পর্ক নেই। উপরন্তু ওই লিংক থেকে আবেদন করলে সে তথ্য মূল পয়েন্টে যাবে না। ফলে এই প্রতারণা থেকে চাকরিপ্রার্থীদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
ফেইসবুক পেজে শিক্ষক নিয়োগের আবেদন জমার বিষয়ে জানতে চাইলে ইবিয়ান পেজটির মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দীন বলেন, ‘পেজের অ্যাডমিনের সঙ্গে কথা বলে আমি পোস্ট দিয়েছি। এটা আমাদের ভুল ছিল। পেজের অ্যাডমিন সাজ্জাদ ভাইয়ের সঙ্গে কথা বলে আমি এমনটি করেছি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আট বিভাগের ১৩টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
