এক ছবিতে তিন নায়ক। তারা হলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এই তিনজনের সঙ্গে নায়িকা হিসেবে কেমেস্ট্রি তৈরি করবেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এই চার তারকাকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক জসিম উদ্দীন জাকির। তরুণ প্রযোজক আলিনুর আশিক ভূঁইয়া প্রযোজিত ছবির নাম ‘মায়া : দ্য লাভ’। ব্রাদার্স প্রোডাকশন হাউজের প্রথম ছবিতে কাজ করতে এরই মধ্যে মিলন, সাইমন, বুবলী ও রোশান চুক্তিবদ্ধ হয়েছেন। পরিচালক জসিম উদ্দীন জানান, ছবির মূল অভিনয়শিল্পীদের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রায় সবকিছু চূড়ান্ত। অন্য শিল্পীদের সঙ্গেও কথা চলছে। আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শ্যুটিং হবে ‘মায়া’ ছবির।
জিয়াউল রোশান বলেন, ‘আজকাল মাল্টিকাস্ট ছবি খুব একটা দেখা যায় না। বাজেট আর ভালো গল্পের অভাবে প্রথম সারির অভিনয়শিল্পীদের এক করা যায় না ছবিতে। তবে এ ছবিটি ব্যতিক্রম।’ ছবিতে অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করে বুবলী বলেন, ‘এর মধ্যেই ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছি। এ পর্যন্ত যত ছবিতে কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন, না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এ ছবিটি পুরোপুরি প্রেমের। যেখানে বিশ্বাস-অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম।’
একসময় নিয়মিত সিনেমার পোস্টার সংগ্রহ করতেন সাইমন সাদিক। বাড়ি থেকে পালিয়ে বাংলা সিনেমা দেখতেন। বাড়তি পাওনা হিসেবে পেতেন এক সিনেমায় মান্না, মৌসুমী, শাকিব খান, রিয়াজ, অমিত হাসান, ডিপজল পূর্ণিমাসহ একাধিক তারকার দেখা। একসময় সাইমন নিজেও ঢালিউড নায়ক হিসেবে নাম লেখান। তখন থেকেই চাইতেন একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করবেন। সম্প্রতি সাইমন সাদিকের দীর্ঘদিনের সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সাইমন বলেন, ‘একেকজন অভিনেতার আলাদা দর্শক থাকে। আমার একজন থাকলে ওদের ছয়জন আছে। বড় সংখ্যার জায়গা থেকে মাল্টি কাস্টিং সিনেমায় তুলনামূলকভাবে দর্শক বেশি থাকে। কিন্তু আমি অভিনয় শুরুর পরে এমন একটি ইচ্ছা পূরণ হচ্ছিল না। অবশেষে সেই ইচ্ছা পূরণের সুযোগ হলো। আমার সঙ্গে অভিনয় করবেন বুবলী (শবনম বুবলী), রোশান (জিয়াউল রোশান) ও আনিসুর রহমান মিলন ভাই। আমার কাছে মনে হয়েছে সিনেমাটি দর্শকদের একটু হলেও চাহিদা বাড়াবে। এর গল্প দারুণ। ইন্ডাস্ট্রির জন্যও এ ধরনের সিনেমা দরকার।’ শবনম বুবলী ও রোশানের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সাইমনের। কিন্তু একসঙ্গে তারা আগে কখনোই অভিনয় করেননি। সহশিল্পী হিসেবে তাদের পাওয়া প্রসঙ্গে সাইমন বলেন, ‘পরিচয় থাকলে একসঙ্গে কাজ করার একটা ইচ্ছা সব সময়ই থাকে। সেটা ব্যাটেবলে মিলছিল না। আমি বুবলী আর রোশান প্রথম কাজ করব। আমাদের দেশে আগের মতো সেই একাধিক অভিনয়শিল্পীর উপস্থিতির ধারাটি যদি আবার ফিরে আসে, ভালো গল্পে কাজ হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের সিনেমা দর্শকদের হলমুখী করা যাবে।’
সাইমন সাদিক, বুবলী, জিয়াউল রোশান, আনিসুর রহমান মিলন অভিনীত সিনেমাটির নাম ‘মায়া : দ্য লাভ’। এটি পরিচালনা করবেন জসিম উদ্দিন জাকির। রোমান্টিক ঘরানার সিনেমাটির শ্যুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে। ঢাকার বিভিন্ন স্থানে শ্যুটিং হবে। জিয়াউল রোশান ও বুবলী আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন।
