মতিঝিলে অজ্ঞাত রিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১:৫০ পিএম

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত (৪৫) এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা মতিঝিল থানার এসআই রোকন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছি মৃত ব্যক্তি পেশায় রিকশাচালক ছিলেন। তার পাশে একটি রিকশা পড়েছিল। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি মতিঝিল থানা-পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত