ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলার কার্যক্রম স্থগিত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:২২ এএম

শান্তিতে নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূসের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেন।

একই অভিযোগে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। হাইকোর্টের একই বেঞ্চ নূরজাহানের বিরুদ্ধে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে।

ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলায় প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ তহবিলে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শিক্ষানবিশকাল শেষ হলেও শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়। মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে আবেদন করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান লিখন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে একটি মামলা হয়। আরেকটি মামলায় হয় নূরজাহান বেগম, আশরাফুল হাসান ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়। আজ (গতকাল) ড. ইউনূস ও নূরজাহান বেগমের মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ফলে এই দুজনের ক্ষেত্রে স্থগিতাদেশ থাকবে। অন্যদের মামলা চলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত