বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটারের এটি ১৩তম সেঞ্চুরি।
বিসিএলে মিঠুন খেলছেন ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে। সোমবার বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ব্যাট করতে নেমে সেঞ্চুরি উদ্যাপন করেন তিনি। এবারের আসরের এটি প্রথম সেঞ্চুরি। ১৪৫ বলে ৭ চার ও ২ ছয়ে তিন অঙ্কের ঘরে পা রাখেন মিঠুন।
রবিবার থেকে শুরু হয়েছে বিসিএলের নবম আসর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনটা দারুণ কাটিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথম দিনেই বিসিবি উত্তরাঞ্চলকে অলআউট করে ইনিংস শুরু করে তারা। মিঠুন ও মিজানুর রহমানের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে দিন পার করে ওয়ালটন মধ্যাঞ্চল।
মিঠুন দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন ৪৩ রান রান নিয়ে। দিনের শুরুতেই ফিফটি তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ওপেনিংয়ে নামা এই ব্যাটার। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে পা রাখেন শতকের ঘরে।
প্রথম দিন ২১৯ রানে গুটিয়ে যাওয়া উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৩৫ রান। ৩২ রান করেন তানজীদ হাসান তামিম।
ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বল হাতে ৩ উইকেট নেন রবিউল হক।
