ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩০ এএম

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। আর মন্ত্রীরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন। পরে সচিবালয়ে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে ওমিক্রন বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এর প্রভাব করোনার ডেল্টা ধরনের মতো না হলেও, এটি দ্রুত ছড়ায়।

জিম্বাবুয়েফেরত দেশের দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরনটি শনাক্ত হলেও তারা এখন ভালো আছেন, সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন পাওয়া যায়নি।

র‌্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়নি। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেখছেন।

অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসানের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে কথা বলেছেন।

গতকালের মন্ত্রিসভা বৈঠকে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২১’, ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২১’ এবং ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ আইন, ২০২১’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত