খবরটি খানিক পুরোনো হলেও পাকা সিলমোহর পড়ল ভিকি কৌশলের বিয়ের পরপরই। তাই অনেকেই বলছেন, ক্যাটরিনা কাইফ অভিনেতার জন্য সৌভাগ্য হয়ে এসেছেন।
এর আগে মেঘনা গুলজারের পরিচালনায় ‘রাজি’ ছবিতে অভিনয় করলেও ভিকির আলোর অনেকটা হারিয়ে যায় মুখ্য চরিত্রের আলিয়া ভাটের দাপটে।
মাঝে অনেক দিন ‘শ্যাম বাহাদুর’ সিনেমাটি খবরের আড়ালে থাকলেও নতুন ঘোষণা আসে সোমবার মেঘনা গুলজারের জন্মদিনে।
ওই দিনই ভিকি ঘোষণা করলেন পরের ছবি ‘শ্যাম বাহাদুর’-এর দুই প্রধান অভিনেতার নাম। ‘দঙ্গল’-এর পর ফের এই ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ।
‘শ্যাম বাহাদুর’ ছবিতে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তার স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফাতিমা সানা শেখ।
ছবি প্রসঙ্গে মেঘনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার অনেক কিছু সেলিব্রেট করার ছিল। ১৯৭১ এর যুদ্ধের এটা পঞ্চাশতম বছর। সানিয়া ও ফাতিমাকে নিয়ে আমি খুবই উত্তেজিত।’
সানিয়া লিখেছেন, ‘প্রত্যেক প্রতিষ্ঠিত পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। এই চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।’
অন্যদিকে ফাতিমা লিখেছেন, ‘একজন নারী যিনি সাহস ও শক্তির অন্যতম সংজ্ঞা। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।’
ফিল্ড মার্শাল শ্যাম হোরামশিজি প্রেমজি জামসেদজি মানেকশ ছিলেন পারস্য বংশোদ্ভূত ভারতীয় সামরিক কর্মকর্তা। প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনে তার অর্জন অনেক। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে।
শ্যাম মানেকশ ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন যারা সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন। তিনি মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল।
