বুদ্ধিজীবীদের আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:২৮ এএম

রূপান্তর ডেস্ক

বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বুদ্ধিজীবী দিবস। গতকাল মঙ্গলবার সারা দেশে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা জাতিকে মেধাশূন্য করতে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করে। দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আলোচনা সভার। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

গাজীপুর : এদিন ভোরে গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎমিশ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন পুলিশ কর্মকর্তাদের নিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। পরে গাজীপুর সিটি করপোরেশন, জেলা আওয়ামী লীগ, জেলা আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়।

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে প্রথম শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

খুলনা : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সিটি মেয়র তার বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ঠাকুরগাঁও : অপরাজেয়-৭১ এ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এছাড়া জেলা প্রশাসন ও ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা পৃথক আলোচনা সভার আয়োজন করে।

পঞ্চগড় : সকালে সার্কিট হাউজ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক সংগঠন। সেখান থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নীলফামারী : সকালে নীলফামারী সরকারি কলেজ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এরপর জেলা পুলিশ, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে জেলা শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাটোর : সকালে বাংলাদেশ শিশু একাডেমি শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা ও শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি শফিউদ্দিন সরদার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং সন্ধ্যায় নাটোর প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়পুরহাট : পাগলা দেওয়ান ও কড়ই কাদিপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

বান্দরবান : সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট : সকালে শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাগেরহাট ফাউন্ডেশন ও প্রেস ক্লাব। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত