মোমেনকে ফোন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:১২ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে গতকাল বুধবার সন্ধ্যায় ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

গতকাল সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ঢাকাকে জানানো হয়, ‘অ্যান্টনি ব্লিঙ্কেন আলাপ করতে চান’। এরপর সন্ধ্যায় দুই মন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ ব্যাপারে বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে।’

এর আগে গত শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং সংস্থার সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। পরের দিন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার পাঁচ দিনের মধ্যে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হলো।  ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় গত পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

অবশ্য এ সময় র‌্যাব ও সংস্থার সাত কর্মকর্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক হয়ে থাকে। এরমধ্যে সর্বোচ্চ ফোরাম হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ে পার্টনারশিপ ডায়ালগ। পার্টনারশিপ ডায়ালগ ছাড়াও বিভিন্ন বৈঠকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। তারা যেসব বিষয়ে জানতে চায় সেটির উত্তর দেওয়া হয়। সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়েও বাংলাদেশ সরকার তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। তবে কভিডের কারণে প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে বৈঠকগুলো হয়নি। শিগগিরই বৈঠকগুলো হবে বলে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন ফোন করেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তখন বঙ্গভবনে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালেই ফোনটি ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত