নারায়ণগঞ্জের রূপগঞ্জে গায়েহলুদের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল সেট লুটে নিয়েছে। তাদের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ছনপাড়া-ভোলাব মানিক সড়কে ঘটে এ ডাকাতির ঘটনা।
আহতরা হলেন- ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন।
আহত খাইরুল কবির জানান, তার ভাই তাজুল মিয়ার শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। বিয়ে করছেন পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায়।
বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলে বান্টি এলাকার কনের বাড়িতে গায়েহলুদ শেষে নিজ বাড়ি চারিতালুক এলাকায় ফিরছিলেন তারা।
রাত ৯টার দিকে ছনপাড়া-ভোলাব মানিক সড়কে বটতলা এলাকায় পৌঁছামাত্র ১২ থেকে ১৫ জনের ডাকাতদল ছেনি, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাছের গুঁড়ি ফেলে গায়েহলুদের প্রাইভেটকার ও মোটরসাইকেল গতিরোধ করে।
খাইরুল কবির আরও বলেন, দুজনকে হাত-পা বেঁধে ফেলে সড়কের এক পাশে ফেলে রাখে ডাকাতরা। এ সময় গায়েহলুদের গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি মোবাইল সেট ও নগদ প্রায় ২০ হাজার টাকা লুটে নেয়।
প্রতিবাদ করায় ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন নামের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
এ সময় আহতদের আর্তচিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুবেরগাঁও, গুতুলিয়া ও চারিতালুক এলাকার মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে ঘটনাস্থলে এগিয়ে এলে ডাকাতদল কানিবিল দিয়ে পালিয়ে যায়।
আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কা বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, ছনপাড়া-ভোলাব মানিক সড়কে চারিতালুক বটতলা এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর বহিরাগতদের আনাগোনা দেখা যায়। এছাড়া একটি বেড়ার ঘরের আস্তানাও রয়েছে। সেখানেও প্রায় রাতেই ডাকাতদের আনাগোনা দেখা যায়।
এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গুতুলিয়া এলাকার সজিব নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
