পোস্টারে ‘ওরা ৭ জন’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৪:৫২ পিএম

খিজির হায়াত খান পরিচালিত নতুন ছবি ‘ওরা ৭ জন’-এর পোস্টার হলো বৃহস্পতিবার। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তির মুহূর্তে প্রকাশ হয় প্রচার উপকরণটি।

সিনেমার সাত মুক্তিযোদ্ধার সঙ্গে পোস্টারে ওঠে এসেছে একজন ভিলেনও। তাদের অভিব্যক্তি ও আবহে রয়েছে যুদ্ধের রেশ।

সম্প্রতি সিলেটে টানা ৪০ দিনে ছবিটির শুটিং শেষ করেছেন খিজির।

তিনি জানান, বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পোস্টের কাজ শেষ হলেই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করবেন।

ছবির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরগাঁথার গল্প বলবো আমরা। সাতজন মুক্তিযোদ্ধা একটা মিশনে যায়। গল্পটার শুরু ও শেষ যুদ্ধের ময়দানে। দুদিনের মিশনে যায়, সেটা সাত দিনের হয়ে যায়। মিশনটা জটিল হয়ে যায়। আমি আসলে দর্শকদের যুদ্ধটা মাঠ পর্যায়ে কেমন হয়েছিল, যুদ্ধের ময়দানে তাদের মধ্যে কী ধরনের মনস্তত্ত্ব কাজ করতো, তা দেখানোর চেষ্টা করবো।’

‘ওরা ৭ জন’-এ সাত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য চরিত্রে যারা অভিনয় করবেন তাদের নাম ও চরিত্র— ইন্তেখাব দিনার (ডাক্তার সাব), মম (অপর্ণা সেন), ইমতিয়াজ বর্ষণ (সোলায়মান কাজী), সাইফ খান (সাব-ইন্সপেক্টর সাফী), খালিদ মাহবুব তুর্য (নজরুল), শাহরিয়ার ফেরদৌস সজীব (সার্জেন্ট মুক্তাদির), শিবা সানু (মুক্তিযুদ্ধ ক্যাম্প কমান্ডার মেজর মোশাররফ), তাসনিম তাসফি (স্নিগ্ধা), জয় রাজ (আওয়াল চেয়ারম্যান), নাফিস আহমেদ (সুমিত), হামিদুর রহমান (পাকিস্তানি মেজর শাহরিয়ার) ও খিজির হায়াত খান (বাংলাদেশি মেজর লুৎফর)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত