সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে স্বামী পরিত্যক্ত এক নারীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত আওয়ামী লীগ নেতাকে আটকের পর বিয়ে পড়িয়ে দিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মহারম আলী (৩২) ভায়াট দক্ষিণপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভায়াট গ্রামের মাতব্বর রাঙ্গা মন্ডল ও নজরুল ইসলাম জানান, ওই নারী কয়েক বছর সৌদি আরবে ছিল। প্রায় এক বছর আগে দেশে ফিরে দুই ছেলেমেয়ে নিয়ে ভায়াট উত্তরপাড়ায় বাবার বাড়িতে বসবাস করছে। সম্প্রতি আওয়ামী লীগ নেতা মহারম আলীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাতে মহারম ওই নারীর ঘরে রাতযাপনের জন্য গেলে গ্রামবাসী তাকে আটক করে। এরপর উভয়পক্ষের অভিভাবকের সম্মতিতে ৪ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। বিবাহিত মহারম আলীর আগের পক্ষে স্ত্রী ও দুই ছেলেমেয়ে রয়েছে।
অভিযুক্ত মহারম আলী বলেন, ‘ঘটনার রাতে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে অসহায় ওই নারীর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু গ্রামবাসী পরিকল্পিতভাবে আমাকে আটকে রেখে বিয়ে পড়িয়ে দিয়েছে।’
নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই সরকার বলেন, ‘বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
