মুজিববর্ষের অনুষ্ঠান

বানান ভুল নিয়ে করা বিবিসি বাংলার প্রতিবেদন সংশোধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:১১ এএম

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের পোডিয়ামে ‘মুজিববর্ষ’র বানান ভুল নিয়ে করা প্রতিবেদন সংশোধন করেছে বিবিসি বাংলা। এ ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করেছে।

গত শুক্রবার বিবিসি বাংলার প্রতিবেদনে যার বক্তব্য উদ্ধৃত করা হয়েছিল সেটা সংশোধন করে আবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বিবিসি বাংলা বলেছে, তাদের প্রথম প্রতিবেদনে ভুলক্রমে ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি’র প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীকে উদ্ধৃত করে দেওয়া হয়েছিল। কিন্তু বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আয়োজক কমিটির মিডিয়া কনসালট্যান্ট আসিফ কবীর। ভুলক্রমে আসিফ কবীরের নামের পরিবর্তে কামাল নাসের চৌধুরীর নাম দেওয়া হয়েছিল।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী একযোগে যে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানকার মূল পোডিয়ামে বানান ভুল থাকায় সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। এ বিষয়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি বলেছে, বানানটি ভুল ছিল কিন্তু সেটা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। চলমান সব অনুষ্ঠান শেষ হওয়ার পরেই এর কারণ আরও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে বলেও তারা জানিয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বানানো মঞ্চে উঠে শপথ পাঠ করান দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি দেশের সব বিভাগ, জেলা, উপজেলার নির্ধারিত ভেন্যু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে কারণে দেশে ও দেশের বাইরের কোটি মানুষের চোখ ছিল টেলিভিশনের পর্দায় এবং ফেইসবুক লাইভে। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী যে পোডিয়ামে বা ডায়াসের সামনে শপথ পাঠ করান সেখানে মুজিববর্ষ বানানটি লেখা হয়েছে ‘মুজিবর্ষ’ অর্থাৎ মুজিববর্ষের মাঝখানের একটি ‘ব’ সেখানে নেই। যদিও শপথপত্রে বানানটি লেখা হয়েছে ‘মুজিববর্ষ’।

এরপরেই সমালোচনার ঝড় ওঠে, যে দিবসকে ঘিরে এত আয়োজন সেই মুজিববর্ষের গুরুত্বপূর্ণ লোগোর মূল বানানটাই ভুল করেছে আয়োজক কমিটি।

আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয় যে ডিভাইস ট্রান্সফারের এক পর্যায়ে ‘মুজিববর্ষ’র একটি ‘ব’ অক্ষর বাদ পড়ে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এই ভুলটি চোখে পড়ার পরই সেটি সংশোধনের পাশাপাশি ইভেন্ট আয়োজকদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত