সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে নয় সদস্য পদত্যাগ করেছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন ও কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী নেতারা হলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, কমিটির সদস্য গোলাম আজম, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, নজরুল ইসলাম ঝন্টু, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম ফারুক ও হাতেম আলী।
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার কারণে বেলকুচিতে বিএনপি দুর্বল হয়ে পড়েছে। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বেলকুচিতে বিএনপি শক্তিশালী করতে হলে সবার মতামত নিয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। দেড় বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে অথচ এই আহ্বায়ক কমিটি দলীয় কর্মসূচি পালন তো দূরের কথা, মিটিং করতে পারেনি। এর মধ্যে গত তিন মাস আগে কমিটির আহ্বায়ক মৃত্যুবরণ করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নয় সদস্য একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন। জেলা বিএনপির আগামী নির্বাহী সভায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
