করোনায় গত সপ্তাহে যারা মারা গেছেন, তাদের ৮০ ভাগই ভ্যাকসিন নেননি। এছাড়া, মৃত ব্যক্তিদের মধ্যে ৯৫ ভাগই পঞ্চাশোর্ধ্ব।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সপ্তাহে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি দেশে করোনায় মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম।
দেশে করোনার সংক্রমণের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে অধ্যাপক নাজমুল রবিবার এ কথা জানিয়ে বলেন, গত এক সপ্তাহে ১ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন, যা আগের সাত দিনের তুলনায় ১২৬ জন বেশি। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যুর সংখ্যা দুটি কম।
তিনি, ইউরোপে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬০ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩০। আগের দিন এ হার ছিল ১ দশমিক ২২।
করোনায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁদের একজন ঢাকা বিভাগের, অন্যজন রংপুর বিভাগের। তাঁরা দুজনই পুরুষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে দেশে করোনায় যে ২০ জনের মৃত্যু হয়েছে, তাদের ১৫ জন পুরুষ, বাকি ৫ জন নারী। তাদের মধ্যে ১৬ জন, অর্থাৎ ৮০ ভাগই টিকা নেননি। বাকি চারজন দুই ডোজ টিকাই নিয়েছিলেন।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন।
