শিরোপা ধরে রাখার আশা নিয়েই বিশ্বকাপে যাচ্ছে যুবারা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:৫০ পিএম

নতুন বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে যুবাদের এশিয়া কাপ। এই দুটি আসরে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়ছে যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

দেশ ছাড়ার আগে বড় স্বপ্নের কথাই বলে গেলেন দলের অধিনায়ক রাকিবুল হাসান। কোচ নাভিদ নেওয়াজের কণ্ঠেও থাকল একই প্রত্যয়।

আরব আমিরাতে যুব এশিয়া কাপ শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর থেকে। বাংলাদেশ পর দিন নেপালের বিপক্ষ ম্যাচ দিয়ে নিজের মিশন শুরু করবে। গ্রুপে তাদের সঙ্গী অপর দুই দল- শ্রীলঙ্কা ও কুয়েত।

এশিয়া কাপে ভালো করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ দল। বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় রাকিবুলদের ওপর দর্শকদের প্রত্যাশার চাপ থাকবে বিশ্বকাপ। সেই চাপ জয় করেই লক্ষ্য পূরণের প্রত্যয় বাংলাদেশ দলের।

গত বিশ্বকাপের আগে অবশ্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। ৩৫ টি ম্যাচ খেলেছিল আকবর আলী, পারভেজ হোসেন ইমনরা। করোনার কারণে এবারের যুব দলের প্রস্তুতি আকবরদের মতো হয়নি। এশিয়া কাপের আগে খেলেছে মাত্র ১৩টি ম্যাচ।

তবে প্রস্তুতির অভাব বা শিরোপা ধরে রাখার চাপ নিয়ে মাথা ঘামান না কোচ নাভিদ, ‘না তেমনটা না (চাপ প্রসঙ্গে)। কারণ মহামারির সময়েও আমরা প্রায় এক বছর ধরে এক সঙ্গে আছি। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় চাপের পরিবর্তে এ থেকে সুবিধা আদায় করে নিতে আমরা প্রস্তুত।’

আর গত আসরেও খেলা অধিনায়ক রকিবুল বলেন, ‘গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আশা করি, সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’

যুব বিশ্বকাপ শুরু হবে ১৫ জানুয়ারি। গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী কানাডা, ইংল্যান্ড ও আরব আমিরাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত