পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জনপ্রশাসনের পাঁচজন কর্মকর্তা। একই সঙ্গে আরও ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এ রদবদলে অনেক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে ‘ডাম্পিং’ করা হয়েছে। আবার বিতর্কের কেন্দ্র থেকেও অনেকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল সোমবার এসব পদোন্নতি ও বদলির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব করা হয়েছে। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি উপজেলায় বাড়ি নির্মাণে নির্দিষ্ট মান অনুসরণ না করার অভিযোগ উঠে। এ নিয়ে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আবদুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে। পিএসসির সচিব আছিয়া খাতুন আগামী ৩ জানুয়ারি অবসরে যাবেন।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার চুক্তির মেয়াদ ৩০ ডিসেম্বর শেষ হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী পদোন্নতি পেয়ে সচিব হলেও তিনি ওই পদেই থাকছেন।
বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এই বিভাগের সচিব আলী নূর গত ৪ জানুয়ারি অবসরে যাওয়ার পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তার চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানা গেছে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে বদলি করা হয়েছে। এ বিভাগের সচিব আনিসুর রহমান ৩০ ডিসেম্বর অবসরে যাবেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যাবেন।
দুর্নীতি দমন কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ২০২৩ সালের ৯ অক্টোবর পর্যন্ত তিনি সার্ভিসে থাকবেন। চাকরিজীবনে কঠোরভাবে নিয়ম অনুসরণকারী এ কর্মকর্তার নিজ জেলা বরিশাল।
সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে। তিনি ২০২৩ সালের ৩১ অক্টোবর পিআরএলে যাবেন। আবু বকর ছিদ্দিকের নিজ জেলা কুমিল্লা।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। মঞ্জুর হোসেনের নিজ জেলা ঢাকা। তিনি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর অবসরে যাবেন।
পরিকল্পনা কমিশনের সচিব রমেন্দ্রনাথ বিশ্বাসকে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। তিনি ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে থাকবেন।
