খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৪৪ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইন সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনটি শুনানির জন্য গ্রহণ করতে আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে উপস্থাপন করা হবে বলে আইনজীবী ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে জানিয়েছেন।

আবেদনের বরাতে তিনি বলেন, বিদেশে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য পাঠাতে বিবাদীদের (রিট মামলার বিবাদী) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী আদেশে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সংবিধানের ১১, ৩২ ও ৪৯ অনুচ্ছেদ, জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ৩, ৫, ১১ ও ১৩ অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা অনুযায়ী সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে। সে জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়েছে। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, নারী, অসুস্থ ও বয়স্কদের মুক্তি পাওয়া সাংবিধানিক অধিকার। সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা অনুযায়ী নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে আইনের একই ধারায় শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পদক্ষেপ নিতে পারে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় ১৭ বছরের কারাদণ্ড পাওয়া খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন। গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তিনি কারাগার থেকে মুক্তি পান। ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন বলে তার চিকিৎসকরা জানিয়ে আসছেন। গত ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকরা জানিয়েছেন, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে ভুগছেন তিনি। জটিল রোগ হওয়ায় দেশে তার চিকিৎসা সম্ভব নয়। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি। তবে সরকার তাতে সায় দেয়নি। ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দেন বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী। আইনমন্ত্রী তখন বলেন, আইনজীবীদের আবেদনটি পর্যালোচনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত