গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের ২৭টি গ্রামের কোথাও স্বতন্ত্র প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল হক আকন্দ। গত সোমবার দুপুরে ইউনিয়নের লোহাজাছিয়া বাজারে এক নির্বাচনী পথ সভায় এ হুমকি দেন তিনি।
এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কর্মী-সমর্থকদের নিরাপত্তা চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ আকন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-নোমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বক্তব্য ছড়িয়ে পড়ার পর নৌকার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছি। এটি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। উপযুক্ত জবাব না পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে লোহাজাছিয়া বাজারে নির্বাচনী পথসভায় নৌকার প্রার্থী নুরুল হক আকন্দ হ্যান্ডমাইকে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘প্রহল্লাদপুর ইউনিয়নের ২৭ গ্রামের কোথাও স্বতন্ত্র প্রার্থীর কোনো পোস্টার লাগাতে দেওয়া হবে না। কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে তাকে গ্রামেও ঢুকতে দেওয়া হবে না। কোথাও তার পোস্টার পাওয়া গেলে ছিঁড়ে ফেলতে হবে। আপনারা (কর্মী-সমর্থক) না পারলে আমাকে বলবেন। আমিই ব্যবস্থা নেব।’ নুরুল হকের বক্তব্যের দেড় মিনিটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ আকন্দ বলেন, ‘আমরা খুবই চাপে রয়েছি। আমার একাধিক নেতাকর্মীকে নৌকার প্রার্থীর লোকজন মারধর করেছে। নির্বাচন থেকে সরে যেতে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে। সবাই চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।’ তিনি বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। নিরপেক্ষ নির্বাচন হলে জামানত হারাতে পারেন ভয়েই নৌকার প্রার্থী আতঙ্ক ছড়াচ্ছেন।’
এ বিষয়ে নুরুল হক বলেন, ‘আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে মুখ ফসকে কথাগুলো বলে ফেলেছি। আসলে এভাবে বলা উচিত হয়নি। সবার কাছে বিষয়টিকে ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি।’
