নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তাসমান পাড়ের কন্ডিশনে বরাবরই কঠিন চ্যালেঞ্জে পড়তে হয়েছে টাইগারদের। সেই কন্ডিশন বিবেচনায় রেখেই দল সাজিয়েছে স্বাগতিকেরা।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য বুধবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যে দলে নেই কোনো স্পেশালিস্ট স্পিনার। অর্থাৎ শুধু পেস দিয়েই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে তারা। এমনকি এজাজ প্যাটেলও নেই, যিনি কিছুদিন আগেই ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন।
কনুইয়ের ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। উইলিয়ামসনের না থাকাটা অবশ্য আগেই জানা গিয়েছিল। তার জায়গায় বাংলাদেশের বিপক্ষে কিউইদের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার টম ল্যাথাম।
এর আগে ৪ টেস্টে, ১৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং নিউজিল্যান্ডের সর্বশেষ বাংলাদেশ সফরে টি-টোয়েন্টিতে দলের অধিনায়কও ছিলেন ল্যাথাম।
কিউইদের স্কোয়াডে পেসার হিসেবে রয়েছে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার, কাইল জেমিসন এবং ম্যাট হেনরি। অলরাউন্ডার রাচিন রবীন্দ্র স্পিন বিভাগ সামলে নেবেন। আছেন পেস বোলিং অলরাউন্ডার ড্যারলি মিচেল। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হাত ভেঙে যাওয়া ডেভন কনওয়ে ফিরেছেন দলে।
কনওয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলেও আছেন। ২৮ ডিসেম্বর থেকে শুরু সে প্রস্তুতি ম্যাচে কনওয়ের সঙ্গে আছেন পেসার নিল ওয়াগনারও।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের আশা এই দল দারুণ কিছু উপহার দেবে, ‘আবার ঘরের মাঠে ফেরাটা দারুণ। ভেন্যুগুলো সম্পর্কে আমাদের বেশ ভালো জানা। সাম্প্রতিক সময়ে আমাদের এখানে সাফল্যও রয়েছে।’
কেন উইলিয়ামসকে না পাওয়াকে হতাশার উল্লেখ করলেও ল্যাথামে আস্থা রাখছেন কিউই কোচ, ‘আগেও নেতৃত্ব পেয়ে সে ভালো করেছে।’
আর এজাজ প্যাটেল সম্পর্কে বলেছেন, ‘আমরা সব সময় যেখানে যাকে প্রয়োজন এমন নির্বাচন নীতি প্রয়োগ করি। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে যেভাবে খেলতে চাই, নির্বাচিত খেলোয়াড়রাই সে ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত।’
১ জানুয়ারি থেকে সিরিজের প্রথম টেস্টটি হবে মাউন্ট মঙ্গানুইতে। ক্রাইস্টচার্চে পরের টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রস টেলর, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
