ঢাবির ছাত্রী হল

বিবাহিতদের না থাকতে দেওয়ার নিয়ম বাতিল হচ্ছে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০২:৩৯ এএম

বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর আসন বণ্টনবিষয়ক নীতিমালায় থাকা এমন নিয়ম বাতিল হচ্ছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে এক বৈঠকে এই নিয়ম বাতিলের সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। পাশাপাশি অন্তঃসত্ত্বা ছাত্রীদের ক্ষেত্রে হলে থাকতে না দেওয়ার বিধিনিষেধও তুলে নেওয়া হচ্ছে। তবে অন্তঃসত্ত্বা ছাত্রীদের পরিবারের সঙ্গে থাকাই জরুরি বলে অভিমত দিয়েছে প্রভোস্ট কমিটি।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাহ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বিবাহিত ও অন্তঃসত্ত্বাদের হলে না থাকার যে নিয়ম ছিল সেটা রহিত করা হয়েছে। তাদের হলে থাকতে আর কোনো বাধা নেই। আমাদের এ সুপারিশ সিন্ডিকেটে উঠবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘অন্তঃসত্ত্বাদের হলে না থাকার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি। এ সময়টাতে তাদের পরিবারের সঙ্গে থাকাটা জরুরি।’

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টনবিষয়ক নীতিমালার একটি ধারায় বলা হয় কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্র্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।

গতকাল এই নিয়ম বাতিল করতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষকে আইনি নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ঢাবির উপাচার্য (ভিসি), রেজিস্ট্রার, প্রক্টর, শামসুন নাহার, কুয়েত-মৈত্রী ও সুফিয়া কামাল হলের প্রভোস্টদের উদ্দেশে রেজিস্ট্রি ডাকযোগে তিনি এ নোটিস পাঠান।

এ নিয়ম নারীর জন্য চরম বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নোটিসে। ব্যত্যয় হলে এ বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। তবে এরই মধ্যে এ নিয়ম বাতিলের সুপারিশ করল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত