চাঁপাইনবাবগঞ্জ ও নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় বৃহস্পতিবার ভটভটি উল্টে ইসমাইল হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন।
নিহত ইসমাইল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার মোহাম্মদ বিশু’র ছেলে।
আমনুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওসমান আলী জানান, বেলা সাড়ে ১২টার দিকে নাচোল থেকে কাঠবাহী একটি ভটভটি চাঁপাইনবাবগঞ্জ আসার পথে আমনুরা টংপাড়া জুটমিলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ভটভটির উপরে থাকা ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। নিহত ইসমাইল পেশায় একজন কাঠমিস্ত্রি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইটবাহী নছিমন গাড়ির ধাক্কায় কৃষ্ণ হালদার (৩৮) এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার শিকারীপাড়া-বারুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণ হালদার নতুন বান্দুরা হালদার পাড়া গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) আশফাক রাজীব হাসান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
