শাহানশাহের হোটেলের রুমে ‘ফেনসিডিল-ইয়াবা’ পাওয়া গেছে: র‌্যাব

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:২৪ পিএম

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারের সময় তার হোটেল কক্ষে ফেনসিডিলের বোতল ও ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে উত্তরা-৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

থাপ্পড় মারার ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ দেওয়ানগঞ্জ থানায় যে মামলা করেছিলেন, সেই মামলাতেই শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘তার কক্ষ থেকে তার ‘ব্যবহার্য’ কিছু মাদক এবং সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।’

সেখানে একটি ফেনসিডিলের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসনের বিভিন্ন বিভাগ ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ।

ওই অনুষ্ঠানে পৌরসভার নাম ঘোষণায় ‘দেরি হওয়ায়’ মেয়র গালাগাল করেন এবং থাপ্পড় মারেন বলে সেদিন অভিযোগ করেন শিক্ষা কর্মকর্তা। পরে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।

ওই খবর সংবাদমাধ্যমে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়। মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মেয়র শাহানশাহ সে সময় বলেছিলেন, শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ ‘রহস্যজনক কারণে’ পৌরসভার নাম ৫ নম্বরের বদলে ৮ নম্বর ক্রমে ঘোষণা করেন। এ নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে; থাপ্পড় মারার অভিযোগ কাল্পনিক ও মনগড়া।’

মেয়রের বিরুদ্ধে করা মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে পাল্টা মানববন্ধন করে দেওয়ানগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

এ নিয়ে আলোচনার মধ্যেই ১৯ ডিসেম্বর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ শাহনেওয়াজকে শাহানশাহকে দল থেকে বহিষ্কার করার কথা জানায় জেলা আওয়ামী লীগ।

তার দুদিন পর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু মো. শাহনেওয়াজ শাহানশাহর আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল, যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে, এ কারণে তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত