আইপিএলে প্রথমবার কোচের ভূমিকায় লারা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:০২ পিএম

আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাকে সাধারণত ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়। তবে আসছে আসরে প্রথমবারের মতো কোচ হিসেবে দেখা যাবে তাকে।

আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ বৃহস্পতিবার কোচিং প্যানেলের নাম ঘোষণা করে। যেখানে লারার সঙ্গে রয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনও।

লারা হায়দরাবাদের স্ট্যাটেজিক অ্যাডভাইজার ও ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন। স্টেইন থাকবেন পেস বোলিং কোচ হিসেবে।

বিভিন্ন দলের হয়ে আইপিএলে খেলেছেন স্টেইন। যার মধ্যে হায়দরাবাদও রয়েছে। এ বছরের শুরুতে ক্রিকেটকে বিদায় বলেন স্টেইন।

শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন স্পিন বোলিং কোচ হিসেবে থেকে যাচ্ছেন। সবশেষ আসরের পর ট্রেভর বেলিস হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন। তার জায়গায় টম মুডি আবারো দলটির প্রধান কোচ হিসেবে ফিরছেন। যার কোচিংয়েই ২০১৬ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ।

সাইমন ক্যাটিচ থাকবেন সহকারী কোচ হিসেবে, আগে যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ ছিলেন। ভারতের সাবেক ব্যাটার হেমাং বাদানি থাকবেন ফিল্ডিং কোচ হিসেবে।

আসছে আসরের জন্য অধিনায়ক কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আব্দুল সামাদকে ধরে রেখেছে হায়দরাবাদ। ২০২১ আইপিএলে সবার শেষে থেকে আসর শেষ করেছিল দলটি। এবার সেই ব্যর্থতা ভুলে সাফল্যে ফিরতে কোচিং স্টাফদের পুরো খোলনলচেই পাল্টে ফেলল ফ্র্যাঞ্চাইজিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত