রূপগঞ্জে সন্ত্রাসীদের সংঘর্ষে গুলিবিদ্ধ এইচএসসি পরীক্ষার্থী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০২:১২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন রূপগঞ্জ উপজেলার নাগেরবাগ এলাকার সোনিয়া আক্তার। গতকাল বৃহস্পতিবার ছিল তার শেষ পরীক্ষা। কিন্তু বুধবার রাতে সন্ত্রাসীদের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে সোনিয়া পড়ে আছেন হাসপাতালে। অংশ নিতে পারেননি শেষ পরীক্ষায়। চোখে গুলি লাগায় আছেন চোখ হারানোরও শঙ্কায়। ‘প্রকাশ্য অস্ত্রবাজি’র এই ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ার ‘অজুহাতে’ পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় ‘চাঁদাবাজির’ টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় সন্ত্রাসী দল ‘বিদ্যুৎ বাহিনী’ ও ‘রিয়াজ বাহিনী’র মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলার পাশপাশি গোলাগুলির ঘটনাও ঘটে। সে সময় ওই এলাকা দিয়েই মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন সোনিয়া। গুলি লাগে তার ডান চোখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করান।

স্থানীয়দের অভিযোগ, নাগেরবাগ এলাকার বিদ্যুৎ ও মুড়াপাড়া এলাকার শওকত আলী রিয়াজ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্য দ্বন্দ্বও ছিল। সেই জেরেই বুধবার রাতে সংঘর্ষে জড়ায় তারা। আগেও এমন অসংখ্যবার হয়েছে। তাদের নামে রূপগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

সোনিয়া আক্তার উপজেলার নাগেরবাগ এলাকার মনির হোসেনের মেয়ে। এ বছর তিনি সিদ্ধিরগঞ্জ থানার এমডব্লিউ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। গতকাল তার শেষ পরীক্ষা ছিল। সোনিয়ার মা তার মেয়ের চোখ হারানোর আশঙ্কা প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত