আগামী কয়েক দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমলেও শৈতপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দিকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, আগামী কয়েক দিন দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে কমতে থাকবে। বর্তমানে ভারতের জম্মু ও কাশ্মীরে একটি শীতল বায়ুর প্রবাহ অবস্থান করছে। এটি মাসের ৩০ তারিখের দিকে বাংলাদেশের দিকে আসতে পারে। এতে তাপমাত্রা কমে আবারও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে টানা পাঁচ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সপ্তাহজুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। যতই দিন যাচ্ছে ততই শীতের তীব্রতা প্রকট হচ্ছে। পৌষের শীতে হিমেল বাতাসে জবুথবু অবস্থায় দুর্ভোগে দিন কাটছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের, বিশেষ করে হিমেল হাওয়ায় কাবু হয়ে যাচ্ছে জনজীবন। দিনের বেলায় কুয়াশা না থাকলেও হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে প্রচ- শীত অনুভূত হচ্ছে।
শীতপ্রবণ এ জেলায় দুই সপ্তাহজুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ৮ থেকে ৯ ডিগ্রিতে তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল শুক্রবার সকাল ৬টায় ৮ দশমিক ৮ ডিগ্রি এবং ৯টায় কমে গিয়ে ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে গিয়ে ২৪ থেকে ২৫ ডিগ্রির ঘরে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি। চলতি মাসের ২১ দিনই ছিল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা।
পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল বারী বাবু জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ঋতু পরিক্রমায়ও পরিবর্তন এসেছে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ডিসেম্বরের মধ্যেই মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এ জেলায়। দিনে ৩০ থেকে ৩৫ এবং রাতে ৯৫ থেকে ১০০ শতাংশ বাতাসের আর্দ্রতা থাকে। এ ছাড়া দিনে ৩ থেকে ৫ ও রাতে ৬ থেকে ৮ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে। এতে শীতের তীব্রতা বাড়ছে।
