আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসনের প্রতিষ্ঠিত ধারণাটি শুধু আইন-আদালতের বিচার-আচার আর আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরই নির্ভর করে না। আইনের শাসন এখন অনেকগুলো পারিপার্শ্বিক বিষয়ের সঙ্গে পরস্পর-সম্পর্কযুক্ত। গতকাল শুক্রবার বিকালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ‘বাংলাদেশ আইন সমিতি’র ৩৫তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গরিব-অসহায় মানুষের আইনগত সহায়তা প্রদান করা, সাধারণ জনগণের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা তৈরি করা, আইন ও অপরাধ সম্পর্কে গবেষণা করা ইত্যাদি বিষয়ে বাংলাদেশ আইন সমিতি অবদান রাখতে পারে।’
দেশে ন্যায়বিচারের দ্বার উন্মোচন হয়েছে উল্লেখ করে আনিসুল হক আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা এবং মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতিকে চিরবিদায় দিয়ে দেশে ন্যায়বিচারের যে দ্বার উন্মোচন করা হয়েছে, তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ প্রমুখ।
