ডিসেম্বরের শুরুর দিকে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা মডেল সুবাহ শাহ হুমায়রা ও কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন। ইলিয়াসের এটি তৃতীয় বিয়ে ছিল। তারা বিয়ে করে বনানীতে সংসার করছেন। তবে, এর মধ্যে শুরু হয়েছে নতুন ঝামেলা। ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন বলে অভিযোগ উঠেছে। কারিন বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
তাদের এখনো বিচ্ছেদ হয়নি বলে উল্লেখ করে কারিন শাহ বলেন, ‘বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। খবরটি শুনে খুব অবাক হলাম। কী বলা উচিত বুঝতে পারছি না। তবে আমি এভাবে ছেড়ে দেব না, যা করণীয় তা করব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।’
দর্শকদের চোখ ফাঁকি দিয়ে নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করে সংসার পেতেছেন ইলিয়াস। ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান সুবাহ। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যদিও এখন পর্যন্ত কোনোটি মুক্তি পায়নি। এ ছাড়া ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন ইলিয়াস। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে থাকেন।
