বহুল আলোচিত বহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি ২০০০ লিমিটেডের বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের উদ্যোগে প্রতিষ্ঠানটির একাংশের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা কারাগারে অন্তরীণ থাকা ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের মুক্তির দাবি জানান। একই সঙ্গে ডেসটিনি যেন পুনরায় রফিকুল আমীনের নেতৃত্বে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তারা। সম্মেলন থেকে তিনটি লিখিত দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ডেসটিনির এমডি রফিকুল আমীনের মুক্তি, রফিকুল আমীনের মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং রফিকুল আমীনের মাধ্যমে ডেসটিনি লিমিটেডকে পুনরায় ব্যবসা পরিচালনা করার অনুমতি দেওয়া।
বক্তারা বলেন, ডেসটিনির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। যখনই ডেসটিনি একটি সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, তখনই একটি মহল ডেসটিনির সম্পদ লুটে নেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নানাভাবে ডেসটিনি লিমিটেডের সম্পদ লুটে নিচ্ছে।
রফিকুল আমীনের নেতৃত্বে ৪৫ লাখ লোক ডেসটিনিতে বিনিয়োগ করেছেন এবং প্রতিষ্ঠানটির কয়েক হাজার কোটি টাকার নিজস্ব স্থাবর সম্পত্তি রয়েছে বলেও সম্মেলনে জানানো হয়। ডেসটিনির কর্মকা- বন্ধ থাকায় লাখ লাখ মানুষ বিপাকে পড়েছে বলে জানান বক্তারা। এ জন্য রফিকুল আমীনকে মুক্তি দিয়ে প্রতিষ্ঠানটিকে ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হলে বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত পাবেন বলেও মনে করেন তারা।
গত শুক্রবার রাতে বেলাল হোসেন নামের ডেসটিনির একজন বিনিয়োগকারীকে শারীরিকাভাবে পেটানো হয়েছে বলেও সম্মেলনে অভিযোগ জানান একাধিক বক্তা। তারা বলেন, যে চক্রটি ডেসটিনির সম্পদ আত্মসাৎ করতে চায়, তাদের একটি অংশ এই হামলা করেছে। এর আগে ডেসটিনির নাম জালিয়াতি করে ভুয়া ট্রেড লাইসেন্সও বানিয়েছে এই কুচক্রী মহল। ব্যাংক অ্যাকাউন্টও খুলেছে এবং ডেসটিনির কয়েক হাজার কোটি টাকার সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকেরা সম্মেলনে উপস্থিত হন। এ সময় ডেসটিনির সম্পদ রক্ষা কমিটি, ডেসটিনি ওয়েমেন ফাউন্ডেশনসহ প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকেরা বক্তব্য দেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডেসটিনির পরিচালক অপারেশন ও ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ সিরাজাম মুনীর। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডায়মন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম। অহিংস আন্দোলনের মাধ্যমে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে কারাগার থেকে মুক্ত করার শপথ নেন বিনিয়োগকারীরা। জীবন দিয়ে হলেও ডেসটিনির সব সম্পত্তি রক্ষা করার ঘোষণাও দেন ডেসটিনিতে বিনিয়োগকারী ক্রেতা ও পরিবেশকেরা। বক্তারা বলেন, কোম্পানি পুনরায় চালুর জন্য ডেসটিনির এমডির মুক্তির বিকল্প নেই। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
