নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুরে বাড়ি থেকে এক কিশোরীকে (১৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে কিশোরীর বাবা বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
সাগর (২৩) নামের স্থানীয় এক যুবক তার সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, আলাইয়ারপুর ইউনিয়নের বাসিন্দা ও নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করত একই এলাকার মন্দির বাড়ির লোকমান হোসেন খোকার ছেলে সাগর। প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সাগর।
এ ঘটনার অভিযোগে সাগর, তার বাবা লোকমান হোসেন খোকা, ভাই মনোয়ার হোসেন মনু, মোহন, কবির হোসেনকে আসামি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে অপহৃতাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
