চাঁদপুরে ‘বিদ্রোহী’ প্রার্থীর ঘরে অগ্নিসংযোগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৪০ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর (আওয়ামী লীগের ‘বিদ্রোহী’) বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার মধ্যরাতে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকায় শাহ আলম শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় শাহ আলম শেখ গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং অফিসার ও ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শাহ্ আলম শেখ বলেন, নির্বাচনী প্রচার চালিয়ে শনিবার রাতে বাড়ি ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে ঘরের বেড়ায় আগুন জ্বলতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহ্ আলম শেখ আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অভিযোগ করেন, তাকে নির্বাচন থেকে সরানোর জন্য এ হামলা চালানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত