নারায়ণগঞ্জে যানজটের কারণে রেললাইনের ওপর আটকাপড়া একটি বাসে ট্রেনের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৯ জন। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট ফলপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত দুজনের মধ্যে একটি শিশু রয়েছে। অন্যজন বৃদ্ধ। রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় তাদের কারও পরিচয় জানা যায়নি। এ ছাড়া অন্য একজনের কাটা পা উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যানজটের কারণে রেললাইনে আটকা পড়ে আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১৪৩৭৪)। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন নারায়ণগঞ্জ রেলস্টেশনের অদূরে ফলপট্টি সিগন্যাল অতিক্রম করছিল। ট্রেনটি বাসটি ধাক্কা দিয়ে প্রায় ৫০ গজ দূরে নিয়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসে ১২/১৩ জন যাত্রী ছিল। এরমধ্যে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।
তাদের মধ্যে রয়েছে রুহুল মিয়া (৪২), কাদের মোল্লা (৩৫), মিজান মিয়া (৬৫), মনা, মনির হোসেন (২৬), আমেনা আক্তার (৪০) ও শাকিল (১২)। এছাড়াও সাত বছরের অচেনা এক শিশুকে পা কাটা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগে আমেনা আক্তার (৪০) নামে এক নারী চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সাংবাদকিদের বলেন, হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে আসা ট্রেন নারায়ণগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি আসামাত্র ১ নম্বর রেলগেইট সিগন্যালের সামনে রেললাইনের ওপর দাঁড়ানো আনন্দ পরিবহনের বাসটিকে চাপা দেয়। এসময় যানজটের কারণে লাইনম্যান সিগন্যাল ব্যারিয়ার ফেলতে পারেননি। এ কারণে বাসটি রেললাইনের ওপর উঠে যায়। ট্রেন আসছে দেখে লাল ফ্ল্যাগও ওড়ায়নি সিগন্যালম্যান। তার দোষেই এত বড় মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল। অপর প্রত্যক্ষদর্শী হেদায়েত হোসেন বলেন, এরমধ্যে একজন শিশু ও একজন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। আরও একজনের খন্ড পা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার সি এম আক্তার হায়দার জানান, ৫টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে ৬টা ৫ মিনিটে নারায়ণগঞ্জে দুর্ঘটনা ঘটায়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, নিহতরা বাসের যাত্রী না ট্রেনের, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি চট্টগ্রাম নগরে লেভেল ক্রসিংয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে বাস ধাক্কা দিলে সেটা রেললাইনে উঠে যায়। এ সময় একটি ডেমু ট্রেন অটোরিকশাকে ধাক্কা দিলে ৩ জন নিহত হয়। এ ঘটনায় গেইটম্যানের অবহেলা ছিল বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া গাজীপুরে একটি মাইক্রোবাস একইভাবে দুর্ঘটনার শিকার হয়। এতে দুজন নিহত হয়।
