চট্টগ্রামের আনোয়ারার পূর্ব বৈরাগ গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে টাকা আদায়ের মামলায় পুলিশের ছয় কনস্টেবলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত চার্জশিটটি গ্রহণ করে চার্জ গঠনের আদেশ দেয়।
অভিযুক্ত ছয় পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩ ফেব্র“য়ারি মধ্যরাতে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রাম থেকে আবদুল মান্নানকে তুলে নিয়ে যায় ৮ তরুণ। এসময় তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। সে সময় একজনের গায়ে ডিবি লেখা জ্যাকেটও ছিল। পরে ওই তরুণরা আবদুল মান্নানকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় নিয়ে আটকে রাখে। এসময় আবদুল মান্নানের বিরুদ্ধে থানায় অসংখ্য অভিযোগ রয়েছে জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই ৮ তরুণ। পরবর্তী সময়ে তাদের ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হলে তারা তাকে ছেড়ে দেয়। পরে পুলিশ সদস্য পরিচয়ে অপহরণ এবং মুক্তিপণের অভিযোগে গত ৭ ফেব্র“য়ারি আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন আবদুল মান্নান। মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে পুলিশ এ ঘটনার সঙ্গে ৬ পুলিশ কনস্টেবলের স¤পৃক্ততা পায়। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
