২০২২ সালে ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়াবে বিশ্ব অর্থনীতি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৫ এএম

আগামী বছর বিশ্ব অর্থনৈতিক উৎপাদন প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতিতে পরিণত হতে চীনের আগের ধারণার চেয়ে আরও দুই বছর বেশি সময় লাগবে বলে জানানো হয়েছে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠানটির প্রতিবেদন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত রবিবার প্রকাশিত প্রতিবেদনে ২০৩০ সাল নাগাদ ডলারের নিরিখে চীন বিশ্বের শীর্ষ অর্থনীতিতে পরিণত হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়। কিন্তু গত বছর ওয়ার্ল্ড ইকোনমিক লিগের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৮ সালের মধ্যে ডলারের নিরিখে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন বিশ্বের শীর্ষ অর্থনীতিতে পরিণত হবে। সিইবিআরের প্রতিবেদন বলছে, অর্থনৈতিক সক্ষমতায় ভারত আগামী বছর ফ্রান্সকে অতিক্রম করবে। আর ২০২৩ সালে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান পুনরুদ্ধার করবে। সিইবিআরের ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাকউইলিয়ামসের ভাষ্যে, ২০২০ এর দশকে মূল্যস্ফীতি বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখন ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। এখন দেখার বিষয়, কীভাবে বিশ্ব অর্থনীতি এই মূল্যস্ফীতি মোকাবিলা করে। তিনি আরও বলেন, টিলার বা সরকারি তহবিলের সুদহার পরিমিত হারে সমন্বয় করা হলে অপরিবর্তনীয় বা অনিবার্য বিষয়গুলো নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি। আর যদি তা না হলে ২০২৩ বা ২০২৪ সাল নাগাদ বিশ^কে আবারও মন্দার জন্য তৈরি হতে হবে। সিইবিআরের প্রতিবেদনে আরও দেখা গেছে, জার্মানি ২০৩৩ সাল নাগাদ অর্থনৈতিক উৎপাদনের দিক থেকে জাপানকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। অন্যদিকে বর্তমান গতিতে চললে রাশিয়া ২০৩৬ সালের মধ্যে দশম শীর্ষ অর্থনীতির দেশে পরিণত হবে। আর ২০৩৪ সালে তালিকায় নবম স্থানে যাবে ইন্দোনেশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত