খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে: আইনমন্ত্রী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:১৩ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সভায় তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘এভারকেয়ার হাসপাতাল তার (খালেদা) জন্য সর্বশেষ প্রযুক্তিতে চিকিৎসা করছে। আমি যতটুকু খবর পেয়েছি, কিছুটা তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখানে তিনি (খালেদা জিয়া) যতটুকু সম্ভব সুচিকিৎসা পাচ্ছেন।’

বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া যদি বলেন- আপনারা আমাকে যে শর্তযুক্ত (শর্তে) ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব। তখন উনি আবার দরখাস্ত করতে পারেন।’

আনিসুল হক বলেন, ‘এই অবস্থায় ফৌজদারি কার্যবিধিতে কোথাও নেই যে, তাকে আমরা আগের দরখাস্তের বিবেচনায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো।’

‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া যাবে না, এটা আমি কখনো বলিনি। একবার নিষ্পত্তিকৃত কোনো দরখাস্ত আবার পুনর্বিবেচনার কোনো সুযোগ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় নেই’ বলেন তিনি।

প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দুটি জিনিসে রাষ্ট্রপতিকে কাউকে জিজ্ঞেস করতে হয় না, তিনি করতে পারেন। এটি তার সর্বময় ক্ষমতা। একটা হচ্ছে- প্রধানমন্ত্রী নিয়োগ করা, আরেকটা প্রধান বিচারপতি নিয়োগ করা।

তিনি বলেন, ‘আমি হচ্ছি সরকারের একজন মন্ত্রী। যে ক্ষমতা রাষ্ট্রপতির, সেটা কি আমি জানি? আমি জানি না। রাষ্ট্রপতি নিশ্চয়ই তার সুবিবেচনায় যোগ্য মনে করে সংবিধানের পরিধির মধ্যে তার যে ক্ষমতা, তা ব্যবহার করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত