আইফোন ১৩-এর পর স্মার্টফোনভক্তদের নজর এখন স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ সিরিজের দিকে। নতুন বছরের ফেব্রুয়ারিতেই বাজারে আসবে এই সিরিজের স্মার্টফোনগুলো।
প্রযুক্তিশিল্পে নির্ভরযোগ্য ‘তথ্য ফাঁসকারী’ হিসেবে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেক রেডার জানিয়েছে, গ্যালাক্সি এস২২ আলট্রা মডেলটির ছবি তোলার সক্ষমতা আরও উন্নত করার চেষ্টা করেছে স্যামসাং। ওই চেষ্টার ৩০ শতাংশ প্রভাব পড়েছে হার্ডওয়্যারের বেলায়, বাকি ৭০ শতাংশ উন্নয়নকাজের প্রভাব পুরোটাই পড়েছে সফটওয়্যারে। তবে, এআই প্রযুক্তির প্রয়োগ নাকি আছে এর সবখানেই।
স্যামসাং রাতের বেলা এবং কম আলোতে ছবি তোলার সক্ষমতা বাড়াতে নতুন এআই অ্যালগরিদম নির্মাণের জোর চেষ্টা চালাচ্ছে। ছবির খুঁটিনাটি, রং বা উজ্জ্বলতার মতো বিষয়গুলো আরও উন্নত করবে এআই অ্যালগরিদম। এস২২ আলট্রা মূল সেন্সর ১০৮ মেগাপিক্সেলের হবে এমনটাই শোনা যাচ্ছে। আর ‘ফাঁসকারীদের’ সর্বশেষ তথ্য বলছে, স্মার্টফোনটির মূল সেন্সর ব্যবহার করে ছবি তুলতে গেলেই পর্দায় পপ-আপ হিসেবে চলে আসবে ‘এআই ডিটেইল এনহ্যান্সমেন্ট’ বাটন। তবে, ছবির ওপর এআই কাঁচি বা রংতুলি চালানোর পর সেটা ব্যবহারকারীর পছন্দ হবে কি না সেই প্রশ্ন থেকেই যায়। সবগুলো দাবি সত্যি হলে, স্যামসাং স্মার্টফোনে ছবি তোলার বেলায় এআই প্রযুক্তির বাড়তি সমর্থনের সুবিধাভোগীদের তালিকায় সম্ভবত প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রেতারাই থাকবেন।
