বিএনপির রাজনীতি গণতন্ত্র নয়, বুলেট, রক্ত আর লাশের ওপর দাঁড়িয়ে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এ কারণে তারা (বিএনপি) গণতান্ত্রিক রীতিনীতি, সংলাপে বিশ্বাস করে না।’
গতকাল বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে বাংলাদেশে রাষ্ট্রপতি যে সংলাপের আয়োজন করেছেন, এটি অনেক দেশের জন্য উদাহরণ। স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কমিশন গঠন করার জন্যই রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করেছেন। অনেক দেশেই এ ধরনের কোনো সংলাপ হয় না। এই ভালো উদ্যোগকে তারা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন তার অন্যতম প্রধান কারণ বিএনপি গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ^াস করে না এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতেও বিশ্বাস করে না।’
‘খালেদা জিয়াও চোরাপথে ক্ষমতায় এসেছেন’ এ কথা উল্লেখ তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না, সব সময় চোরাপথ খুঁজে বেড়ায়। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। সে জন্যই তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে এমন একটা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যাতে চোরাপথে ক্ষমতায় যেতে পারে, সেটি কখনো হবে না।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘গতবারও সংলাপের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক কমিশন গঠন করা হয়েছিল। সেখানে এমন একজন নির্বাচন কমিশনার স্থান পেয়েছিলেন তিনি সব সময়ই বিরোধী দলের পক্ষ হয়ে কথা বলেন। সুতরাং সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন যে কার্যকর, সেটি গতবারও প্রমাণিত হয়েছে। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে এবং রাষ্ট্রপতি বিচার বিশ্লেষণ করে দেশের সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।’
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে ও মহাসচিব শাহীন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সহসভাপতি ছটকু আহমেদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহীন কবির টুটুল প্রমুখ।
