কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে সিএনজি গাড়ির পার্টসের চোরাইকৃত মালামাল দাবি করায় দুই ভাইকে চোর অ্যাসিড নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাতারবাড়ীর মিয়াজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মিয়াজিপাড়ার নাগু মিয়ার দুই ছেলে নয়ন (২৮) ও হামিদ (১৮) মারাত্মক আহত হন। তাদের মুখ ও মাথা ঝলসে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মাতারবাড়ী মডার্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু রায়হান জানান, তাদের ঝলসে যাওয়া আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে অ্যাসিড নিক্ষেপ বলে ধারণা করা হয়েছে। তাদেরকে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নয়নের সিএনজি গাড়ির কিছু পার্টস চুরি হয়ে যায়। সে চুরিকৃত মালামাল ও চোরের সন্ধান করে। খবর পেয়ে মিয়াজি পাড়ার বদর উদ্দিনের ছেলে কপিল নামে এক সিএনজি ড্রাইভারের কাছে চুরিকৃত সিএনজির পার্টসগুলো তার দাবি করেন।
এ নিয়ে কয়েক দিন আগে তাদের মধ্যেই কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। সুযোগ বুঝে আজ রাত ৮টার দিকে কপিলের নেতৃত্বে ২-৩ জন লোক তাদের অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি শাখাওয়াত হোসেন বলেন, অ্যাসিড নিক্ষেপে দুই ভাই আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে আসি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
