রাজধানীর গুলিস্তানে রোড ডিভাইডারে বাস উঠে যাওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া যায়।
গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার সংলগ্ন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীত পাশের সড়কে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- শুক্কুর মাহমুদ রুবেল (৫৮) ও রাইসুল কবির তুষার (৩৫)। শুক্কুর মাহমুদ রুবেল যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং রাইসুল কবির তুষার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
পুলিশ বলেছে, শ্রাবণ পরিবহন নামের ঘাতক বাসটি রাজধানীর গুলিস্তান-কাঁচপুর-মদনপুর রুটের। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদমাধ্যমকে বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে শ্রাবণ পরিবহনের বাসটি নবাবপুর রোডের দিক থেকে বঙ্গভবন স্কয়ারের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে যুক্তরাষ্ট্রপ্রবাসী শুক্কুর মাহমুদ, জুরাইনের বাসিন্দা রাইসুল কবির তুষারসহ তিন পথচারী আহত হন। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসক শুক্কুর মাহমুদ ও রাইসুল কবির তুষারকে মৃত ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত শুক্কুর মাহমুদের স্ত্রী হাসিনা বেগম কেয়া সংবাদমাধ্যমকে বলেন, তার স্বামী যুক্তরাষ্ট্রে থাকতেন। আড়াই মাস আগে সেখান থেকে দেশে ফেরেন। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি হলেও নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে বাড়ি করেছেন। তাদের একমাত্র ছেলেসন্তান আছে।
দুই দিন আগে গত মঙ্গলবার বিমানবন্দর সড়কে হোটেল লা মেরিডিয়ানের কাছে এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে ওপারের মাইক্রোবাসের সামনের অংশে উঠে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।
