যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্রসহ এক যুবককে আটক করেছে। তাদের ভাষ্য, যুবকটি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ছাড়াও শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
গতকাল বৃহস্পতিবার এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কুয়াচুয়া ব্রিলিয়ন জিওয়ংকে (২৫) অত্যাধুনিক ‘এআর-১৫’ অস্ত্র, গোলাবারুদসহ ক্যালিফোর্নিয়া থেকে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে হোয়াইট হাউজের দিকে যাচ্ছিলেন। গাড়ির অস্বাভাবিক গতি এবং আচরণ সন্দেহজনক হওয়ায় পথেই তাকে আটকে দেয় পুলিশ।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুয়াচুয়া প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার উদ্দেশ্যে হোয়াইট হাউজের দিকে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। গত ২১ ডিসেম্বর আইওয়ার কাস কাউন্টি থেকে ওই যুবককে আটক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টের জাস্টিন লাসন বলেছেন, কুয়াচুয়া ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে সরাসরি হোয়াইট হাউজের দিকে যাচ্ছিলেন। বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা ছিল তার। তাকে আটকের সময় মোবাইলের গুগল ম্যাপেও হোয়াইট হাউজের রুট পাওয়া গেছে।
ক্যালিফোর্নিয়ার এ বাসিন্দাকে সম্প্রতি চাকরিচ্যুত করেন তার গ্রোসারি স্টোরের মালিক। মুক্তি পেলে আবারও হোয়াইট হাউজ কর্মকর্তাদের হত্যার জন্য যা যা করার, তা তিনি করবেন বলে হুমকি দিয়েছেন। বর্তমানে তাকে কারাগারে রাখা হয়েছে।
