পরিবারকে বাঁচাতে গিয়ে ডাকাতদের হাতে আহত সিটি তারকা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৪:২১ পিএম

ম্যানচেস্টার সিটির ফুলব্যাক হোয়াও কানসেলো জানিয়েছেন, পরিবারকে বাঁচাতে গিয়ে ডাকাতদের হাতে আহত হয়েছেন তিনি।

২৮ বছর বয়সী তারকা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আহত হওয়ার এক ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, আজ চার কাপুরুষের হাতে নিগ্রহের শিকার হলাম। যারা আমার পরিবার এবং আমাকে আঘাত করেছে।’

কানসেলো আরও লেখেন, ‘যখন তুমি প্রতিরোধ করবে তখন এমনটাই ঘটে। তারা আমার সব অলংকার নিয়ে গেছে এবং আমার মুখে এমন আঘাত করেছে।’

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটিজেনদের অভিযানে গুরুত্বপূর্ণ অংশ এই পর্তুগিজ ডিফেন্ডার। চলতি মৌসুমে সিটির সব ম্যাচে খেলেছেন তিনি।

২০২০-২১ মৌসুমে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কানসেলো। ২০১৯ সালের আগস্টে জুভেন্টাস থেকে ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইতিহাদে আসেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে কানসেলো আরও লেখেন, ‘আমার জীবনের অনেক বাধার পরও, এটাও আরেকটি ঘটনা যা আমি কাটাতে পারলাম।’

এই পর্তুগিজ তারকার বয়স যখন ১৮, তখন এক সড়ক দুর্ঘটনায় তার মা মারা যান।

দুষ্কৃতকারীদের হাতে কানসেলোর আহত হওয়ার ঘটনায় এক বিবৃতিতে তার ক্লাব ম্যানচেস্টার সিটি জানায়, ‘আমরা মর্মাহত ও আতঙ্কগ্রস্ত’।

কানসেলো ও তার পরিবারের পাশে আছে জানায় সিটি। পাশাপাশি পুলিশকেও তদন্তে সহায়তা করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করে ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত