হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৩৫ পিএম

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গত সোমবার কভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

হাসপাতাল ছাড়লেও পরের দুই সপ্তাহ হোম আইসোলেশনের থাকবেন সৌরভ। ৪৯ বছর বয়সী সাবেক এই বাঁ-হাতি ব্যাটার হোম আইসোলেশনে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

করোনা আক্রান্ত হলেও তার ভ্যারিয়েন্ট ওমিক্রন নয় জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা পিটিআই’কে জানায়, ‘শুক্রবার বিকেলে আমরা গাঙ্গুলিকে ছেড়ে দিয়েছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে আগামী ১৫ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। এরপর চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শারীরিকভাবে অসুস্থবোধ করায় সোমবার আরটি-পিসিআর পরীক্ষা করা হয় গাঙ্গুলির। সেখানে পজিটিভ রিপোর্ট আসে তার। সেই রাতেই টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ককে উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ‘মনোকলোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি’ দেওয়া হয়।

এর আগে কার্ডিয়াক ইস্যুর মতো শারীরিক অসুস্থতার কারণে এই বছরের শুরুতে দুইবার গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত