২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৭০

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৬:১০ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৭৬ জন। অন্যদিকে, দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী এবং তারা ৪ জনই ঢাকা বিভাগের।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত