ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও লিভারপুর। এমন ম্যাচে ডাগ আউটে কোচ ইয়ুর্গেন ক্লপকে পাচ্ছে না লিভারপুল।
কোভিড-১৯ পরীক্ষার ‘সন্দেহজনক’ পজিটিভ ফল আসায় আইসোলেশনে রয়েছেন ক্লপ। তাই চেলসি ম্যাচে ডাগআউটে থাকা হবে না তার। বিসিবি তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ৫৪ বছর বয়সী ক্লপের হালকা উপসর্গ রয়েছে।
চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ক্লপের অনুপস্থিতিতে তার সহকারী পেপ লিজেন্ডার্স ডাগ আউট সামলাবেন।
শুক্রবার ক্লাপ বলেছিলেন, তিনজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন। লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, স্কোয়াডের আর কোনো সদস্য আক্রান্ত হয়নি। তবে তিনজন সাপোর্ট স্টাফেরও ‘সন্দেহজনক’ পজিটিভ ফল এসেছে।
টেবিলে লিভারপুল তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তারা। আর শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে ১২ পয়েন্ট।
