ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্য হতে চলেছে বাংলাদেশ। চলতি অর্থবছরে (২০২১-২২) যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও চীনকে পেছনে ফেলে ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। মাত্র দুই বছরের ব্যবধানে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পাঁচ ধাপ এগিয়েছে। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।
ভারতের অর্থবছর শুরু হয় এপ্রিল মাস থেকে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) টাকার অঙ্কে ভারত থেকে বাংলাদেশের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ বেড়েছে, যার পরিমাণ ৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরে ১০ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি নিয়ে এর পরিমাণ ছিল ৯ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।
ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ছিল নবম অবস্থানে। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে আমদানি আরও বেড়ে গত অর্থবছরে পৌঁছায় পঞ্চম স্থানে। সেই ধারা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে বাংলাদেশ চতুর্থ অবস্থানে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা প্রধান পণ্যগুলোর মধ্যে ছিল তুলা (২১০ কোটি ডলার), শস্যবীজ (১৩০ কোটি ডলার), বিদ্যুৎ ও জ্বালানি (৬০ কোটি ডলার), গাড়ির যন্ত্রাংশ (৫০ কোটি ডলার) ও অন্যান্য যন্ত্রপাতি (৪০ কোটি ডলার)।
