সোমবার সম্পন্ন হয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের গায়েহলুদ। এতে হবু বর সনি পোদ্দার ও কনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ছিলেন বিনোদনজগতের অনেকেই।
জানা গেছে, আজ নিজ সনাতন ধর্মের রীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন এই নায়িকা। ঘনিষ্ঠজনদের পাশাপাশি শোবিজের একাধিক পরিচালক ও শিল্পী এ আয়োজনে অংশ নেবেন।
মিমের বর সনি পোদ্দার দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন। ছয় বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।
২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। এর সিনেমায় দীর্ঘ বিরতি নিলেও বিজ্ঞাপন ও নাটকে ছিলেন অন্যতম প্রধান মুখ।
বর্তমানে সিনেমাই মিমের ধ্যানজ্ঞান। তার হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফীর ‘ইত্তেফাক’ ও দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’। মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ ও ‘পরাণ’।
