টিকা নিয়েও দ্বিতীয়বার করোনা আক্রান্ত শ্রীজাত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৮:০৮ পিএম

দুই ডোজ টিকা নেয়া থাকার পরও দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন কলকাতার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীজাত নিজেই একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। নিজের ফেইসবুকে আইডি থেকে এদিন সন্ধ্যায় শ্রীজাত করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।

পোস্টে তিনি লিখেছেন, দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি।

কাছের মানুষদের সতর্ক করে শ্রীজাত লিখেছেন, যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন।

সবশেষে ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, আর হ্যাঁ, এই ক’দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।

ভারতের মহারাষ্ট্র ও কেরালার পরে দেশটির তৃতীয় সর্বোচ্চ সক্রিয় করোনা রোগী এখন পশ্চিমবঙ্গ রাজ্য। করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাও প্রতিদিন বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। ইতিমধ্যেই সাবেক ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়সহ অনেকেরই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত