মির্জা ফখরুলের হুঁশিয়ারি

খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবার বিচার হবে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০২:২৮ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, ‘উন্নত চিকিৎসার অভাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু ঘটে গেলে সরকারের প্রত্যেককে হত্যা মামলার আসামি করে বিচার করা হবে।’

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে গতকাল ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচন বর্জন করেছিল দলটি। প্রতি বছর এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আজ গণতন্ত্র হত্যা দিবস। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশে গণতন্ত্র হত্যার প্রধান নায়ক। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ যখন দেখে জনগণ তাদের ভোট দেবে না, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করে। আর এতে প্রধান নায়কের ভূমিকায় ছিলেন খায়রুল হক। তাই ভবিষ্যতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জেনেশুনে পূর্বপরিকল্পিতভাবে একটা হত্যার ষড়যন্ত্র করছে। তারা বিএনপি চেয়ারপারসনকে হত্যা করতে চায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের মানুষ যখন দল-মত নির্বিশেষে চাচ্ছে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক, তখনই শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা, তারা অত্যন্ত ভয়াবহভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। বিএনপি  চেয়ারপারসন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো আইন মানুষের চেয়ে বড় নয়। আজকে দেশের জন্য তার যে অবদান, এ দেশের প্রতি, এ দেশের গণতন্ত্রের প্রতি, এ দেশের উন্নয়নের জন্য তার যে অবদান, সেই অবদানকে স্বীকার করে তাকে এই মুহূর্তে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে চিকিৎসকরা আছেন, তারা অত্যন্ত আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তারা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন তাকে বাঁচিয়ে রাখার জন্য। গত সোমবারও তার রক্তক্ষরণ হয়েছে।’

বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিএনপির  কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, এবিএম মোশাররফ  হোসেন, মীর সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, নাজিম উদ্দিন আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত