বিয়ের জন্য চাপ দেয়ায় নারীকে গলা কেটে হত্যা, যুবক আটক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৩:৫২ পিএম

ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে মস্তকবিহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় এক আসামিকে আটক করেছে র‌্যাব-১৪।

আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার নিহত নারীর খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম জানান, গত ২ জানুয়ারি ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাঁটাখালি গ্রামে থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরে র‌্যাব-১৪ এ মামলার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামে একজনের সম্পৃক্ততা নিশ্চিত করে।

পরে র‌্যাব অভিযান চালিয়ে গতকাল রাতে ত্রিশাল উপজেলার কাটাখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে সেলিম মল্লিককে (৩০) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সেলিম এই নির্মম হত্যাকাণ্ডটি কীভাবে ঘটিয়েছে তা স্বীকার করেন।

তার স্বীকারোক্তি অনুযায়ী আজ র‌্যাব সদস্যরা খণ্ডিত মস্তকটিও উদ্ধার করে।

আসামি সেলিম স্বীকারোক্তিতে জানান, নিহত নারী সুলতানা বেগমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামে। সুলতানা চাকরি সূত্রে গাজীপুরে বাস করতেন। তার সঙ্গে প্রথমে মোবাইল ফোনে কথা হয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক হয়। প্রায়ই তারা একে অপরের সঙ্গে দেখা করতেন। একপর্যায়ে সুলতানা তাকে বিয়ের জন্য চাপ দিলে সেলিম তাকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত